ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের গামো এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গামো অঞ্চলের যোগাযোগ বিভাগ এক শোক বিবৃতিতে জানায়, দেগামা এলাকায় অতিবৃষ্টির কারণে সৃষ্ট এ প্রাকৃতিক দুর্যোগে বিপুল প্রাণহানির ঘটনায় অঞ্চল প্রশাসন গভীর শোক প্রকাশ করছে। বর্তমানে ওই এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।
সাম্প্রতিক সময়ে পূর্ব আফ্রিকার দেশগুলোতে আবহাওয়ার চরমভাবাপন্ন রূপ পরিলক্ষিত হচ্ছে। ইথিওপিয়ার এ পরিস্থিতির সমান্তরালে প্রতিবেশী দেশ কেনিয়াতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবিসহ বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ডজনখানেক মানুষ নিহত হন।
গত দুই দশকের পরিসংখ্যান বিশ্লেষণ করে একাধিক গবেষণায় দেখা গেছে, পূর্ব আফ্রিকায় চরম শুষ্ক মৌসুম এবং অতিবৃষ্টির স্থায়িত্ব ও পুনরাবৃত্তি ক্রমশ বাড়ছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রবল বর্ষণসহ বৈরী আবহাওয়া পরিস্থিতির তীব্রতা ও ঝুঁকি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
ডিবিসি/এএমটি