ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা নিজেদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে পৃথক ফেসবুক পোস্টে তারা এই সিদ্ধান্তের কথা জানান। তবে কালচারাল সেন্টার ছাড়লেও তারা 'ইনকিলাব মঞ্চ'-এর দায়িত্বে বহাল থাকবেন বলে নিশ্চিত করেছেন।
নেতৃবৃন্দ জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্দুল্লাহ আল জাবের তার পোস্টে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে সংগঠনটিকে একটি ট্রাস্টে রূপান্তরের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেননি। গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করে। তাই শহীদ ওসমান হাদির সম্মানের স্বার্থেই সংগঠনটি হস্তান্তরের এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে জানান, ওয়ারিশ-সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্যে অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়ায় তিনি ব্যক্তিগতভাবে মানসিক চাপে পড়েন। এছাড়া, সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনৈতিক পরিসরে প্রবেশ করতে শুরু করায় এ নিয়েও তার উদ্বেগ ছিল। জুমা আরও জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে পরিচালিত অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা থাকলেও, তার (জুমার) দায়িত্বকালীন সময়ের সেন্টারের যাবতীয় হিসাব দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে।
ডিবিসি/পিআরএএন