বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অপসারণের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে একটি বিশাল ডিজিটাল বিলবোর্ড টাঙিয়ে প্রচারণা চালিয়েছে ক্ষুব্ধ ফুটবল সমর্থকদের একটি দল। শুক্রবার সকাল ৬টা থেকে ব্রডওয়ে এবং ওয়েস্ট ৪৩ নম্বর রাস্তার মোড়ে এই বিলবোর্ডটি প্রদর্শন করা হয়।
বিলবোর্ডে ভেসে ওঠা বিভিন্ন বার্তায় লেখা ছিল, “ফিফার একজন নেতা প্রয়োজন, কোনো ডিলার নয়” এবং “কনফেডারেশনগুলোর প্রতি আহ্বান: ইনফান্তিনোকে অপসারণ করুন।” একই সঙ্গে সমর্থকদের পক্ষ থেকে বিশ্ব ফুটবলের কনফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন বিভিন্ন টুর্নামেন্ট ও ম্যাচে ইনফান্তিনোকে নিষিদ্ধ করা হয়।
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফুটবল বিশ্বে অসন্তোষ বৃদ্ধির প্রেক্ষাপটেই এই অভিনব প্রতিবাদ দেখা গেল। সম্প্রতি বহিরাগত বিনিয়োগকারীদের যুক্ত করে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান খোলার বিতর্কিত পরিকল্পনা বাতিল হওয়ার পর তোপের মুখে পড়েন তিনি। প্রায় ২০ বিলিয়ন ডলারের মূল্যায়নে ৪.২ বিলিয়ন ডলার তোলার এই উদ্যোগের নাম ছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’।
উয়েফা এবং এর ৫৫টি সদস্য দেশ অভিযোগ তোলে, তাদের সঙ্গে কার্যকর কোনো আলোচনা ছাড়াই ফিফা এই পরিকল্পনা প্রণয়ন করেছে। বিষয়টি নিয়ে ইউরোপীয় ফুটবলের সংস্থাগুলো এতটাই ক্ষুব্ধ ছিল যে, তারা ফিফার প্রতিযোগিতাগুলো থেকে জাতীয় দল প্রত্যাহারেরও হুমকি দিয়েছিল। বর্তমানে উয়েফা এই সংক্রান্ত সম্ভাব্য আর্থিক অব্যবস্থাপনার তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়ায় তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে।
তবে ফিফা সব ধরণের অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে একে ‘অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করেছে। এখন পর্যন্ত কোনো আদালতেই ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি অব্যবস্থাপনা বা ব্যক্তিগত স্বার্থের প্রমাণ মেলেনি।
প্রতিবাদকারী সমর্থক দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইনফান্তিনো আন্তর্জাতিক ফুটবলকে বাইরের বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক এবং ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা।
এদিকে ফিফার সাবেক সহ-সভাপতি প্রিন্স আলি বিন আল হুসেইনও নিয়ন্ত্রক সংস্থার বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে ওঠা সত্ত্বেও জর্ডান ফুটবল ফেডারেশনকে প্রাপ্য প্রাইজমানি পরিশোধ করা হয়নি
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
ডিবিসি/হাদী