আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার ভয়ে ইরানে হামলা বন্ধ করলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা প্রায় দুই সপ্তাহ ইরানে হামলা চালানোর পর গত দুই দিন ধরে তা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের পাল্টা হামলা ঠেকাতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন শেষ মুহূর্তে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনা স্থগিত করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার ইরানে বিমান হামলা বাড়ানোর ইঙ্গিত দিলেও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এই আলোচনায় মিসাইলের মজুত কমে যাওয়ার বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এছাড়া মার্কিন প্রশাসনের ভেতরে এমন সংশয়ও কাজ করছিল যে, হামলা বাড়ালেই ইরান আলোচনার টেবিলে বসবে না। বরং এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মতে, সাম্প্রতিক হামলাগুলো উল্টো ইরানকে আরও ঐক্যবদ্ধ করেছে এবং বিদেশি হুমকি মোকাবিলায় তাদের আরও মনোযোগী করে তুলেছে।

 

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন, মার্কিন বাহিনী বড় ধরনের সামরিক অভিযান চালাতে সক্ষম হলেও সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত অত্যন্ত দ্রুত শেষ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

 

উল্লেখ্য, টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র প্রতি রাতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছিল। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক মাত্রায় পাল্টা হামলা চালায়। তবে গত শুক্রবার ছিল প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রথম শান্ত দিন এবং এরপর শনিবারও ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

 

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন