খেলাধুলা, ফুটবল

ইন্টার মায়ামির নতুন কোচ হলেন মেসির সাবেক সতীর্থ কিলি গনজালেজ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লিওনেল মেসিদের নতুন হেড কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক উইঙ্গার ক্রিস্টিয়ান ‘কিলি’ গনজালেজকে নিয়োগ দিয়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ক্লাবটি। সাবেক ইন্টার মিলান ও ভ্যালেন্সিয়া তারকার অভিজ্ঞতা মায়ামির ডাগআউটে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

তবে এখনই দলের দায়িত্ব নিচ্ছেন না গনজালেজ। যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো হোয়োসই দায়িত্ব পালন করবেন। প্রয়োজনীয় অনুমোদন মিললেই গনজালেজের হাতে তুলে দেওয়া হবে দলের দায়িত্ব।

 

মেসির মতো গনজালেজের জন্মও আর্জেন্টিনার রোজারিও শহরে। ৫২ বছর বয়সী সাবেক এই ফুটবলার খেলোয়াড়ি জীবনে উইঙ্গার হিসেবে পরিচিত ছিলেন। ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারাগোজার জার্সিতে মাঠ মাতিয়েছেন গনজালেজ।

 

আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও এক দশক খেলেছেন তিনি। ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে প্রতিনিধিত্ব করেন এই সাবেক উইঙ্গার।

 

খেলোয়াড়ি জীবন শেষে ২০২০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন গনজালেজ। এরপর আর্জেন্টিনার তিনটি ক্লাবের দায়িত্ব পালন করেছেন। ইন্টার মায়ামির দায়িত্ব নেওয়ার মাধ্যমে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে কোনো ক্লাবের প্রধান কোচ হতে যাচ্ছেন তিনি।

 

গনজালেজ এমন সময়ে মায়ামির দায়িত্ব নিচ্ছেন, যখন দলটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন কোচ হোয়োসের অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে মায়ামি।

 

তারপরও ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে মেসিরা। ২০২৬ বিশ্বকাপের পর এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি তারা।

 

ফলে গনজালেজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলকে দ্রুত জয়ের ধারায় ফেরানো। বিশেষ করে তারকাসমৃদ্ধ স্কোয়াডকে নতুনভাবে সংগঠিত করে ধারাবাহিক সাফল্য এনে দেওয়াই হবে তাঁর প্রধান পরীক্ষা।

 

দলের বাজে সময়ের মধ্যেই শাস্তির মুখে পড়েছেন হোয়োস। গত বৃহস্পতিবার তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়।

লিগের নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করার নীতি একাধিকবার লঙ্ঘনের কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে। বিরতির পর নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে মাঠে ফেরায় মায়ামি একাধিকবার লিগের নিয়ম ভেঙেছে।

 

ইন্টার মায়ামিতে হোয়োসের ভূমিকা অবশ্য শুধু অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই সীমাবদ্ধ ছিল না। এর আগে তিনি ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

মেসির সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভালো। দুজনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। হাভিয়ের মাচেরানো ব্যক্তিগত কারণে গত এপ্রিলে ক্লাব ছাড়ার পর অস্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব নেন হোয়োস। গনজালেজ দায়িত্ব নেওয়ার পর তিনি আবার আগের ভূমিকায় ফিরবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন