ইন্টার মায়ামির হয়ে আবারও ইতিহাস গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো 'ল্যান্ডন ডোনোভান এমএলএস এমভিপি' (মৌসুমের সেরা খেলোয়াড়) পুরস্কার জিতেছেন তিনি। গত সপ্তাহে ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম এমএলএস কাপ জেতানোর পর, এই ব্যক্তিগত অর্জন তার দুর্দান্ত মৌসুমের ষোলকলা পূর্ণ করল।
২০২৫ সালের নিয়মিত মৌসুমে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা মাত্র ২৮টি ম্যাচ খেলে ৪৮টি গোলে সরাসরি অবদান রেখেছেন (২৯টি গোল এবং ১৯টি অ্যাসিস্ট)। এটি এমএলএস-এর ইতিহাসে এক মৌসুমে কোনো খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চ গোল কন্ট্রিবিউশন।
মেসি লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই মৌসুমে সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্ট করার বিরল কীর্তি গড়লেন, যা এর আগে ২০১৫ সালে সেবাস্তিয়ান জিওভিনকো করেছিলেন।
এই মৌসুমে মেসি একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন, এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার রেকর্ড। মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত টানা ৫টি ম্যাচে একাধিক গোল করার রেকর্ড, যা এমএলএস-এ আগে কখনো দেখা যায়নি। ২৯টি গোল করে জিতেছেন এমএলএস গোল্ডেন বুট।
এমভিপি নির্বাচনের ভোটে মেসি একচেটিয়া আধিপত্য বিস্তার করেছেন। তিনি মোট ভোটের ৭০.৪৩ শতাংশ পেয়েছেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে যোজন যোজন এগিয়ে। এই তালিকায় তার পেছনে ছিলেন অ্যান্ডার্স ড্রায়ার, ডেনিস বোয়াঙ্গা এবং ইভান্ডার।
উল্লেখ্য, গত সপ্তাহে এমএলএস কাপের ফাইনালে দুটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে শিরোপা জেতান মেসি এবং সেখানেও তিনি এমএলএস কাপের এমভিপি নির্বাচিত হন। সব মিলিয়ে আমেরিকায় মেসির রাজত্ব এখন প্রশ্নাতীত।
তথ্যসূত্র বিবিসি
ডিবিসি/এমইউএ