ইন্দোনেশিয়ায় সরকারি উদ্যোগে দেওয়া বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে গত তিন দিনে প্রায় দুই হাজার শিক্ষার্থী ও শিক্ষক খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছেন। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উদ্যোগে শিক্ষার্থীদের পুষ্টির মান বাড়াতে ‘মাকান বার্গিজি গ্রাতিস’ (এমবিজি) নামের এই প্রকল্প চালু হলেও, বর্তমানে তা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে।
সবচেয়ে বড় বিষক্রিয়ার ঘটনাটি ঘটে সেন্ট্রাল জাভার লাসেম শহরের একটি উচ্চ বিদ্যালয়ে, যেখানে খাবার খেয়ে ৭৭৭ জন অসুস্থ হয়ে পড়েন। এর আগে পূর্ব জাভার একটি ইসলামিক বোর্ডিং স্কুলেও ৭৩০ জন এবং দক্ষিণ সুলাওয়েসির কয়েকটি স্কুলেও শতাধিক মানুষের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের ডায়রিয়া, মাথা ঘোরা ও বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয় এবং অনেককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়।
মূলত খাবার সঠিকভাবে সংরক্ষণ না করা এবং আধা-সেদ্ধ ও নিম্নমানের খাবার সরবরাহের কারণেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সরকার আক্রান্তদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দিয়েছে এবং স্থানীয় খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ঘটনার দায় স্বীকার করেছে। এ ঘটনায় ইন্দোনেশিয়ার জাতীয় পুষ্টি সংস্থা তদন্ত শুরু করেছে এবং কারও অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/এসভিএন