ইন্দোনেশিয়ায় সাগরে অন্তত ২৫০ জন আরোহীবোঝাই একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, ফেরিটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারে যাচ্ছিল। যাত্রাপথে মাদুরা দ্বীপের কাছাকাছি পৌঁছালে ফেরির ক্যাপ্টেন আগুন লাগার বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ-এ সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিপুলসংখ্যক যাত্রী লাইফ জ্যাকেট পরে লাইফবোটের মতো একটি নৌযানে অবস্থান করছেন। অন্যান্য ভিডিও ক্লিপে দেখা যায়, ফেরির ওপরের অংশ থেকে বিশাল আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং আতঙ্কিত যাত্রীরা জ্বলন্ত সেই ফেরি থেকে নিচে নামার চেষ্টা করছেন।
টিকটক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়া রেসকিউ অফিস 'কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২' নামক ওই ফেরিতে আগুন লাগার খবর পায়। তবে শিপিং কোম্পানির তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে। সংস্থাটি আরও নিশ্চিত করে যে, ফেরিটির প্রায় সম্পূর্ণটাই আগুনে পুড়ছিল এবং উদ্ধারের আশায় যাত্রীরা জাহাজের সামনের অংশ ও ব্রিজে আঁকড়ে ধরে ছিলেন।
তবে ঠিক কীভাবে ফেরিটিতে আগুন লেগেছে, তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
প্রকাশিত কিছু ভিডিও ফুটেজে প্রাণ বাঁচাতে যাত্রীদের সরাসরি সমুদ্রে ঝাঁপ দিতেও দেখা গেছে। এ সময় লাইফ জ্যাকেট পরা বহু মানুষের ভিড়ের মধ্যে উদ্ধারকারীদের তরফ থেকে লাইফবয় ছুড়ে দেওয়া হয় এবং পরে তাদের উদ্ধারকারী জাহাজে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ডিবিসি/এসডব্লিউএন