ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে ভবন ধসে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম এপি জানিয়েছে, ভূকম্পনের ফলে সাগরে আড়াই ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সুলাওয়েসি ও মালুকু দ্বীপের মধ্যবর্তী মোলুক্কা সাগরে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। ফলে এটি তুলনামূলকভাবে অগভীর একটি ভূমিকম্প ছিল।
এদিকে, বার্তা সংস্থা এএফপি স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের তীব্রতায় উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে একটি ভবন ধসে পড়ে। মূলত সেই ভবন ধসের ঘটনাতেই ওই এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে।
ডিবিসি/এফএইচআর