আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শনিবার (১৫ আগস্ট) ভোরে রিখটার স্কেলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি সতর্কতা জারি করেছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে এই অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও দুটি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়, যার একটি ছিল ৬.১ মাত্রার।

 

ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাসপাতাল থেকে রোগীসহ শত শত মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যান। কিছু ভবনে ফাটল দেখা গেলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (BMKG) পূর্ব নুসা তেঙ্গারা, দক্ষিণ সুলাওয়েসি এবং পশ্চিম নুসা তেঙ্গারা প্রদেশের উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি ০.৫ মিটার থেকে ৩ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের সৈকত ও নদীতীর থেকে দূরে উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

 

ইতিমধ্যে কিছু এলাকায় সমুদ্রের পানি পিছিয়ে যেতে এবং ১৯ থেকে ৩০ সেন্টিমিটার উচ্চতার প্রাথমিক ঢেউ দেখা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড বা তাদের দ্বীপ অঞ্চলগুলোতে সুনামির কোনো ঝুঁকি নেই।

 

প্রশান্ত মহাসাগরীয় ভূতাত্ত্বিক চ্যুতি অঞ্চল বা 'রিং অব ফায়ার'-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে।

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন