বাংলাদেশ, শিক্ষা

ইবি’র ‘নক্ষত্র’ নওরীন নুসরাত, যার মৃত্যু কাঁদাচ্ছে সবাইকে

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই আগস্ট ২০২৩ ০৯:৩৬:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘এমন জীবন তুমি করিবে গঠন/মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন'- এই চিরাচরিত বাণীটি আবারও সত্য প্রমাণিত হলো নওরীন নুসরাতের মৃত্যুতে। মাত্র ২৬ বছরের জীবনে তরুণ প্রতিভাবান শিক্ষার্থী হিসেবে তুমুল জনপ্রিয়তা পান তিনি। কুসংস্কার, ধর্মীয় অন্ধত্ব, সামাজিক অবক্ষয় ইত্যাদি বিষয়ে তার কলম সবসময় কথা বলেছে, যা বাংলাদেশের স্বনামধন্য পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়েছে।

নওরীন নামটি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুপরিচিত। সাহিত্য সংস্কৃতির প্রতিটি অঙ্গনে সুনিপুণ দক্ষতায় নিজেকে সবার চেয়ে সেরা প্রমাণ করেছেন বরাবরই। একাধারে কবি, লেখক, নৃত্যশিল্পী, বিতার্কিক ও অভিনয় শিল্পী ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তার রহস্যজনক অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

১৯৯৮ সালের পয়লা অক্টোবর টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করে নওরীন। কুমুদিনী সরকারি মহিলা কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করেন তিনি। বর্তমানে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

নওরীন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। তারপর সাহিত্য সংস্কৃতির প্রতিটি অঙ্গনে নিজেকে মেলে ধরেন সমান তালে। তিনি মাত্র অল্প দিনেই ক্যাম্পাসের ‘নক্ষত্রে’ পরিণত হন। সমসাময়িক বিষয়ে কলাম লেখা, বিতর্ক চর্চা এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তার আবৃত্তি শৈলী মুগ্ধ করে সবাইকে। সাবলীল আবৃত্তি আর অভিনয়ে নিজের সুপ্ত প্রতিভার জানান দিয়েছেন নওরীন।

নওরীন নুসরাত স্নিগ্ধা টাঙ্গাইল জেলা থানার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে। গত ২১ জুলাই তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের মাত্র ১৮ দিন পরে সাভারের আশুলিয়ায় ৬ তলা ছাদ থেকে পড়ে নওরীনের মৃত্যু হয়। তার এই মৃত্যু মেনে নিতে পারছে না সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজপথে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও শিক্ষক। সকলের দাবি তদন্তে বেরিয়ে আসুক আসল রহস্য। শান্তি পাক নওরীন নামক নক্ষত্রের বিদেহী আত্মা।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন