খেলাধুলা, ফুটবল

ইমরান খানের সুচিকিৎসার দাবি করলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৭৩ বছর বয়সী কারাবন্দী ইমরানের যথাযথ চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় অধিনায়কদের মধ্যে কামিন্সই প্রথম, যিনি ইমরানের পক্ষে সরাসরি কথা বললেন।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী। গত ২৪ আগস্ট তাঁর চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে যৌথ চিঠি পাঠান ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। সেই উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছেন কামিন্স।

 

চিঠিতে স্বাক্ষর করেছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইটের মতো সাবেক অধিনায়কেরা। তাঁদের সঙ্গে আছেন নারী ক্রিকেটের কিংবদন্তি বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও।

 

সম্প্রতি অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ শোতে গ্রেগ চ্যাপেল ব্যাখ্যা করেছেন, কেন তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ছয় বছর আগে পাকিস্তানে ইমরানের সঙ্গে তাঁর দেখা হয়েছিল এবং তখনও তিনি বেশ সুস্থ ও শক্তসমর্থ ছিলেন। কিন্তু এখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে শুনেছেন তিনি।

 

চ্যাপেল বলেন, দীর্ঘদিনের একাকিত্ব ইমরানের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, ইমরান খেলোয়াড়ি জীবনে শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত দৃঢ় ছিলেন, কিন্তু টানা তিন বছর প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকা যে কারও জন্যই কঠিন।

 

ইমরানের মৌলিক সুযোগ-সুবিধা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। তাঁর বক্তব্য, দীর্ঘ সময় পর্যাপ্ত সামাজিক যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ না থাকলে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক অবস্থাও খারাপ হতে পারে।

 

চ্যাপেলের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে কামিন্স লিখেছেন, গ্রেগ চ্যাপেল ও অন্য সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে তিনিও এই দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন।

 

কামিন্স আশা প্রকাশ করেন, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খান যেন যথাযথ চিকিৎসাসেবা পান এবং পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর সাক্ষাৎ অব্যাহত থাকে। একই সঙ্গে ইমরানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণের আহ্বান জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক।

 

তিনি বলেন, প্রত্যেক মানুষের মতো ইমরান খানও মর্যাদাপূর্ণ আচরণ পাওয়ার অধিকার রাখেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন