পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা এবং তার প্রতি মানবিক আচরণের দাবিতে বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি দিয়েছেন বিশ্বের ২১ জন সাবেক ক্রিকেট অধিনায়ক। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেবের মতো তারকারাও রয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান ৩ বছরের বেশি সময় ধরে কারাবন্দি। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি এবং ডান চোখের দৃষ্টিশক্তি কমার খবরে সাবেক সতীর্থরা গভীরভাবে উদ্বিগ্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তার স্বাস্থ্য পরীক্ষা অসম্পূর্ণ রাখা এবং পরিবারের সঙ্গে সাক্ষাতে বাধা দেওয়ার কারণেই তারা এই চিঠি দিয়েছেন।
চিঠিতে সাবেক অধিনায়করা তিনটি মূল দাবি তুলে ধরেছেন। সেগুলো হলো-
১. ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকসহ একটি স্বাধীন মেডিকেল বোর্ড দিয়ে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানো।
২. আদালতের নির্দেশ অনুযায়ী কোনো বাধা ছাড়াই প্রতি সপ্তাহে পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া।
৩. চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা।
সাবেক এই ক্রিকেটাররা আশা করেন, পাকিস্তান সরকার দ্রুত এই মানবিক বিষয়টির সমাধান করে ইমরান খানের সুচিকিৎসা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/এসভিএন