আন্তর্জাতিক

ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ খামেনির হাতে লেখা নোট উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার পরিষ্কারের আনুষ্ঠানিকতা চলাকালীন ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির নিজের হাতে লেখা সাতটি বিশেষ নোট বা স্মৃতিস্মারক উন্মোচন করা হয়েছে।

দশ দিনব্যাপী কারামাত উৎসব এবং ইমাম রেজা (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। আস্তান কুদস রাজাভির এনডাউমেন্টস (ওয়াকফ) বিভাগের মহাপরিচালক আলিরেজা ইসমাইলজাদেহ জানান, গত কয়েক বছর ধরে মাজারের ধূলিমর্দন অনুষ্ঠান চলাকালীন মরহুম নেতার লিখে যাওয়া এই নিবন্ধিত নোটগুলো আজ জনসমক্ষে আনা হলো।


আলিরেজা ইসমাইলজাদেহ উল্লেখ করেন যে, ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারের এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বছরে অন্তত দুইবার এবং কোনো কোনো বছর মাসিক ভিত্তিতে আয়োজন করা হতো। তিনি বলেন, শহীদ নেতা এই আনুষ্ঠানিকতার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। প্রতিটি অনুষ্ঠান শেষে অতিথিদের স্বাক্ষর সম্বলিত একটি লিখিত রেকর্ড সংরক্ষণ করা হয়। আয়াতুল্লাহ খামেনেই ইমাম রেজা (আ.)-এর প্রতি তার গভীর ভক্তি ও অনুরাগ থেকে এসব অনুষ্ঠানে যোগ দিতেন এবং নিজের হাতে বরকতময় নোট লিখে রাখতেন।


ইসমাইলজাদেহ আরও জানান, শহীদ নেতা মোট ১৫ বার এই ধূলিমর্দন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং ১১টি হাতে লেখা নোট রেখে গেছেন। এর মধ্যে আজকের অনুষ্ঠানে ৭টি নোট উন্মোচন করা হয়েছে এবং বাকিগুলো পরবর্তী সময়ে প্রদর্শন করা হবে।


অনুষ্ঠানে জানানো হয়, শহীদ নেতা তার জীবদ্দশায় পবিত্র মাজারের জন্য ১,৬৫০টি মূল্যবান শিল্পকর্ম ও বিরল প্রত্নতাত্ত্বিক নিদর্শন দান করেছেন, যা আস্তান কুদস রাজাভির প্রতি তার গভীর আস্থার প্রতিফলন। এ ছাড়া পাণ্ডুলিপি ও লিথোগ্রাফ বই সংগ্রহের ক্ষেত্রেও তিনি বিশেষ অবদান রেখেছেন।


তথ্য অনুযায়ী, শহীদ নেতার পক্ষ থেকে ১,৩৫৬টি পবিত্র কোরআনের অনুলিপি ও বিভিন্ন বিষয়ের বিরল পাণ্ডুলিপি এবং ৪,৩৫৬টি লিথোগ্রাফ বই মাজারের এনডাউমেন্টস বিভাগে দান করা হয়েছে।


পরিসংখ্যান তুলে ধরে ইসমাইলজাদেহ বলেন, ১৯৯০ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮০টিরও বেশি ধাপে মোট ১৩,০৫৬টি পাণ্ডুলিপি এবং ৪,৩৬৫টি লিথোগ্রাফ কপি আস্তান কুদস রাজাভি লাইব্রেরি সংস্থাকে দান করেছিলেন মরহুম নেতা।


বর্তমানে এর মধ্যে ২৬টি পাণ্ডুলিপি কোরআন জাদুঘরে এবং ২৬৬টি শিল্পকর্ম শহীদ নেতার দেওয়া উপহারের বিশেষ কোষাগারে (ট্রেজারি) প্রদর্শিত হচ্ছে।


সূত্র: তাসনিম নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন