আন্তর্জাতিক

ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ, শীর্ষ হুথি কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনের সরকারি সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে শীর্ষ এক হুথি কমান্ডার নিহত হয়েছেন বলে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সাবার প্রতিবেদনে বলা হয়, দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চলে সংঘাত চলাকালে হুথি নেতা মোহাম্মদ হারিথ আলী মুতলাক আল-আলাভি নিহত হন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং হুথি বিদ্রোহীদের পক্ষ থেকেও আলাভির মৃত্যুর ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর মাত্র একদিন আগে ইয়েমেন সরকারের মিত্র 'ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস' জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের পশ্চিমে আল-কাদহা এলাকায় সংঘর্ষে কামেল খলিল নাসের আল-ওয়াজির নামের আরেক হুথি কমান্ডার তার বেশ কয়েকজন সঙ্গীসহ নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার তাইজের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করার প্রেক্ষিতে এই প্রাণহানির ঘটনা ঘটে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর এটি তাইজ অঞ্চলে অন্যতম বড় সংঘাতের ঘটনা। নতুন করে এই সহিংসতার ফলে ইয়েমেনে আবারও দেশজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে।

 

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ একাধিক প্রধান শহর নিয়ন্ত্রণ করে আসছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং তাদের মিত্র বাহিনীগুলো দেশের দক্ষিণ, পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুন