২০২২ সালে অস্ত্রবিরতি চুক্তির পর ইয়েমেন এখন সবচেয়ে বেশি পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকির মুখে রয়েছে বলে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সম্প্রতি দেশটির বিভিন্ন ফ্রন্টলাইনে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই নতুন করে তীব্র আকার ধারণ করায় সাধারণ নাগরিক ও সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার সময় ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এ বিষয়ে সতর্ক বার্তা দেন।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইয়েমেনের মারিব, হাদরামাউত, আল-মোখা ও তাইজসহ একাধিক অঞ্চলে হুতি বিদ্রোহী এবং এডেনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা পরিষদের বিশেষ দূত দুই পক্ষকেই অবিলম্বে উত্তেজনা হ্রাস করে স্থায়ী অস্ত্রবিরতির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
এছাড়া লোহিত সাগরে হুতিদের বাণিজ্যিক জাহাজে আক্রমণ নতুন করে শুরু হওয়ার বিষয়ে সতর্ক করে হ্যান্স গ্রুন্ডবার্গ বলেন, এ ধরনের পদক্ষেপ ইয়েমেনকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী আঞ্চলিক সংঘাতের মধ্যে ফেলে দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।
পাশাপাশি জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, সংঘাত তীব্র হওয়ার ফলে দেশটির মানবিক সংকট চরম রূপ নিয়েছে। বর্তমানে ইয়েমেনের অর্ধেকেরও বেশি মানুষের কাছে পর্যাপ্ত খাবার নেই এবং প্রায় ৬০ লাখ মানুষ দুর্ভিক্ষের কাছাকাছি বিপর্যয়কর অবস্থায় দিন কাটাচ্ছেন।
সূত্র: আল জাজিরা