ইরাকের উপকূলবর্তী জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) সূত্রে এই তথ্য জানা গেছে।
ইরাকের আল-ফাও অঞ্চল থেকে ৫২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে বেসামরিক এই জলযানটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিদেশি ওই তেল ট্যাংকারটিকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল।
এই হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ক্রুরা। সৌভাগ্যবশত এই ঘটনায় জাহাজে থাকা সকল কর্মী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই ইউকেএমটিও এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই মুহূর্তে সমুদ্রের পরিবেশগত ক্ষতির কোনো আশঙ্কা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
ডিবিসি/এসডব্লিউএন