ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) ঘাঁটিতে বিমান হামলায় দলটির এক শীর্ষ কমান্ডারসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে একটি কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পিএমএফ এ হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে পিএমএফ-এর আনবার অপারেশন কমান্ডার সাদ আল-বাইজিও রয়েছেন। পরবর্তীতে এক বিবৃতিতে পিএমএফ তাদের এ কমান্ডার ও তার ১৪ সঙ্গীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। সূত্রমতে, শীর্ষ কমান্ডারদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠক চলাকালীন সদর দপ্তরটিতে হামলা হয়। হামলায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সূত্রগুলো।
ইরাকি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত 'হাশদ আল-শাবি' বা পিএমএফ মূলত শিয়া সশস্ত্র উপদলগুলোর একটি জোট, যার বেশ কয়েকটি গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর থেকেই ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থ ও স্থাপনাগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে।
ইতোমধ্যে এ উত্তেজনা ইরানের সীমানা ছাড়িয়ে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েল পর্যন্ত বিস্তৃত হয়েছে। একইসঙ্গে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
তথ্যসূত্র: রয়টার্স
ডিবিসি