ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক সেনা সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৮ জুলাই উত্তর ইরাকে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে নিহত ওই সেনার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এ নিয়ে মোট ১৭ জন মার্কিন সেনা নিহত হলেন। এর ঠিক আগেই, শুক্রবার জর্ডানে ইরানের হামলায় আরও দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। সেন্টকম জানিয়েছে, হামলার স্থান থেকে কিছু অজ্ঞাত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ সেনাকে শনাক্ত করার জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাত ক্রমশ চরম আকার ধারণ করছে। টানা অষ্টম রাতের মতো ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিভিন্ন স্থাপনা ও অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
মূলত এক মাস আগে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই উভয় দেশ নতুন করে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালী'র নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যকার এই লড়াই ও উত্তেজনা এখন আরও ঘনীভূত হয়েছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন