ইরাকের উত্তরাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে এক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। গত বুধবার (৩ জুন) এক বিবৃতিতে পেন্টাগন এই তথ্য নিশ্চিত করে।
নিহত সেনার নাম ডেভিন এ. সাইবেল (২৬)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রবিনসন এলাকার বাসিন্দা এবং মার্কিন সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, গত ৩১ মে ইরাকের এরবিল বিমান ঘাঁটিতে দায়িত্বরত অবস্থায় সার্জেন্ট ডেভিন মারা যান। তিনি উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী দাসের (আইএস) বিরুদ্ধে পরিচালিত মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক সামরিক অভিযান অপারেশন ইনহেরেন্ট রিজলভ-এর অংশ হিসেবে সেখানে মোতায়েন ছিলেন। তবে তিনি কি ভাবে নিহত হয়েছেন তা নিশ্চিত করেনি পেন্টাগন।
পেন্টাগন জানিয়েছে, ডেভিনের মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে। তবে এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রশাসন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
ডিবিসি/এসএফএল