আন্তর্জাতিক, এশিয়া

ইরাকে মার্কিন স্থাপনায় হামলার তথ্য পেতে ৩০ লাখ ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরাকে অবস্থিত মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এবার বড় অংকের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বুধবার (১ এপ্রিল) দেশটির ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রামের আওতায় জানানো হয়েছে, এসব হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ ৩০ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় স্টেট ডিপার্টমেন্ট জানায়, বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসসহ অন্যান্য স্থাপনায় সন্ত্রাসী হামলা বন্ধে সহায়তার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বাগদাদের মার্কিন দূতাবাস, এরবিলের কনস্যুলেট জেনারেল এবং বাগদাদ ডিপ্লোমেটিক সাপোর্ট সেন্টার লক্ষ্য করে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো দফায় দফায় হামলা চালিয়েছে। 

 

মার্কিন কর্তৃপক্ষের মতে, যারা এসব হামলা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দেবেন, তারা কেবল আর্থিক পুরস্কারই পাবেন না, বরং প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থাও করা হতে পারে।

 

মূলত মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা বিমান হামলায় এখন পর্যন্ত ১,৩৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তেহরান। এর প্রতিবাদে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিজেদের কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এই বড় অংকের পুরস্কার ঘোষণা করল মার্কিন প্রশাসন।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন