ইরাকের উত্তরাঞ্চলীয় নিনভে প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) আটজন সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সংগঠনটির নিনভে কমান্ড এক বার্তায় নিহতের খবরের পাশাপাশি আরও চারজন সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরাকের বিভিন্ন অঞ্চলে নিজেদের সদর দপ্তরে চালানো এই যৌথ আক্রমণকে দেশের সার্বভৌমত্ব ও সরকারি নিরাপত্তা কাঠামোর চরম লঙ্ঘন এবং ‘অত্যন্ত বিপজ্জনক বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্স। তাদের এক বিবৃতিতে জানানো হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ হিসাব বের করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
এদিকে, ইরাকি পিএমএফের ওপর চালানো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের এই যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা। আল মাসিরা টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা এই আক্রমণকে সব আন্তর্জাতিক আইন ও সনদের সুস্পষ্ট লঙ্ঘন, জঘন্য ও কাপুরুষোচিত আগ্রাসন এবং ইরাকি জনগণের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দিয়েছে।
ডিবিসি/আরএসএল