ইরাক সফররত ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির নাজাফ শহরে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ কবরস্থান ওয়াদি আল-সালাম পরিদর্শন করেছেন। সেখানে তিনি নিহত ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসের কবর জিয়ারত করেন।
ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে বর্তমানে তিন দিনের ইরাক সফরে রয়েছে ইরানি প্রতিনিধিদলটি। এই সফরের অংশ হিসেবেই নাজাফের ঐতিহাসিক কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরিদর্শনকালে গালিবাফ শুধু আল-মুহান্দিসই নন বরং ইরান সমর্থিত বিভিন্ন ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নিহত অন্যান্য সদস্যদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের তৎকালীন উপপ্রধান আল-মুহান্দিস। একই হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানিও প্রাণ হারিয়েছিলেন।
এই সফরকে কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, যা তেহরান ও বাগদাদের মধ্যকার দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথাই পুনরায় স্মরণ করিয়ে দেয়।
ডিবিসি/ এসডব্লিউএন