প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অবসানে সম্প্রতি একটি সমঝোতা স্মারক কার্যকর হওয়ার প্রেক্ষাপটেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামনে এলো।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে নিজেদেরকে পারমাণবিক বোমা থেকে রক্ষা করেছে ইসরায়েল।
ইরানে পুনরায় হামলার বিষয়ে নেতানিয়াহুর এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সমঝোতা স্মারকটি গত ১৮ জুন থেকে কার্যকর হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিক মাধ্যমে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারকে সংঘাতের অবসান এবং আলোচনার ভিত্তিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অমীমাংসিত নানা ইস্যু সমাধানের একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করা হয়েছে। এর আওতায় যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিলকরণ, পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শুরু থেকেই তেহরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার তীব্র বিরোধিতা করে আসছে ইসরায়েল। এর পাশাপাশি দেশটি প্রায়ই ইরানের ওপর পুনরায় হামলা চালানোর প্রকাশ্য হুমকি দিয়ে আসছে।
ডিবিসি/এফএইচআর