আন্তর্জাতিক

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন জাহাজে কোনো ধরনের হামলা চালানো হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলা হবে’। তাঁর এই বিতর্কিত ও কঠোর মন্তব্য অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী জাহাজে ইরান আক্রমণ করলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার’ হুমকি দেন ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে। তবে একই সঙ্গে তিনি এটিও উল্লেখ করেন যে, শান্তি আলোচনায় ইরান এখন আগের চেয়ে ‘অনেক বেশি নমনীয়’ হয়েছে বলে তিনি মনে করেন।

 

ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে আগের চেয়ে অনেক উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের সরঞ্জাম বিশ্বের সেরা। পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা আমাদের ঘাঁটিগুলো আধুনিক সরঞ্জামে পূর্ণ এবং প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার করব।’ যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে কি না, এমন প্রশ্নে ট্রাম্পের সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘আমরা আপনাদের জানাব।’

 

হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার খবর সামনে আসার পরই ট্রাম্পের এই কড়া প্রতিক্রিয়া এল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত রাতেই আমরা বেশ কয়েকটি বড় জাহাজ সরিয়েছি, তখন কোনো গোলাগুলি হয়নি। তবে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে, যা আমি খতিয়ে দেখছি।’

 

সাক্ষাৎকারের শেষ দিকে ট্রাম্প যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকার বিষয়টিই ইরানের আশা করা উচিত এবং তাদের জন্য সবচেয়ে ভালো হবে যদি এই যুদ্ধবিরতি বজায় থাকে।


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন