চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হলে ইরান পাল্টা জবাবের পথে হাঁটবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ গালিবাফ। ইরানকে সামরিকভাবে মোকাবিলা করার সক্ষমতা ওয়াশিংটনের নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইরানি বার্তাসংস্থা ইসনা’র এক প্রতিবেদন অনুযায়ী গালিবাফ বলেন, ‘আমরা এই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। যদি যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠী তাদের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তবে ইরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।’
এ সময় ইসরায়েলের দেওয়া হুমকিগুলোকে নিছক ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে উড়িয়ে দেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের প্রতিনিধি দলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন গালিবাফ। তিনি বলেন, ‘যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠী তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। ইরানের বিরুদ্ধে তাদের সামরিক পদক্ষেপ যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সেটি আজ সকালেই তারা অনুধাবন করতে পেরেছে। আর এ কারণে শেষ পর্যন্ত তারা নিজেরাই যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয়েছে।’
ডিবিসি/এসএস