আন্তর্জাতিক, আমেরিকা

ইরানকে সহযোগিতার পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাথে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন বা দেশটিকে সহযোগিতা প্রদানকারী যেকোনো রাষ্ট্রের ওপর 'ভয়াবহ অর্থনৈতিক পরিণতি' চাপিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন। তবে এই পদক্ষেপে কোন কোন দেশকে লক্ষ্য করা হবে সে সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি বা বিস্তারিত ব্যাখ্যা দেননি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর ইরানের সঙ্গে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর এই নতুন ঘোষণা সামনে এলো। মার্কিন প্রশাসন এই পদক্ষেপকে 'অর্থনৈতিক ডি-ডে' আখ্যা দিয়ে জানিয়েছে, তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

ট্রাম্প তাঁর বার্তায় স্পষ্ট করেছেন, যেসব দেশ তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থার মাধ্যমে ইরানকে যেকোনো ধরনের আর্থিক সহায়তা দেবে, তাদেরকেও এর মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। বিশেষ করে তেল পাচার, সোয়াপ লাইন, নগদ অর্থ স্থানান্তর, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন এবং বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে চলা সমস্ত কার্যক্রম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এই হুঁশিয়ারির ঠিক একদিন আগেই মার্কিন মিত্র সংযুক্ত আরব আমিরাত ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হুমকির মুখে দেশটির সাথে সমস্ত অর্থনৈতিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

 

এদিকে ইরানের তেল ক্রয়ে শীর্ষস্থানে থাকা চীনকে সরাসরি কোনো নাম উল্লেখ না করে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে করা হচ্ছে, যদিও বেইজিং ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের এ ধরনের একতরফা নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য ব্যাহত হওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে।

আরও পড়ুন