ইরানকে চীন তাদের তৈরি চারশটি কাঁধে বহনযোগ্য বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন দাবি করেছে চীন।
এ বিষয়ে বেইজিং স্পষ্ট করে জানিয়েছে, ‘অস্ত্র দেওয়ার এমন খবরের কোনো বাস্তব ভিত্তি নেই।’
বেইজিংয়ে আয়োজিত নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বেইজিং এর আগেও একাধিকবার তাদের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছে। বর্তমান প্রতিবেদনে যে দাবির কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক ও অবাস্তব।
সংঘাত নিরসনে নিজেদের কূটনৈতিক ভূমিকার কথা তুলে ধরে মুখপাত্র আরও জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা এবং চলমান সংঘাতের শান্তিপূর্ণ অবসানে চীন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বেইজিং ভবিষ্যতেও গঠনমূলক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, চীনের তৈরি সর্বোচ্চ ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা কিনছে ইরান। এ চুক্তির মূল্য ৬০ থেকে ৭০ মিলিয়ন (৬ থেকে ৭ কোটি) ডলার। চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (ম্যানপ্যাডস) কেনা হচ্ছে। এর মধ্যে চীনে তৈরি কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ ক্ষেপণাস্ত্র রয়েছে। হংকংভিত্তিক প্রতিষ্ঠান ঝংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সঙ্গে এ চুক্তি সই হয়েছে। প্রতিষ্ঠানটি ইরান ও চীনের সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
তবে আনুষ্ঠানিকভাবে রয়টারর্সের এমন প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য দাবি করল চীন।
ডিবিসি/এসডব্লিউএন