ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সামরিক উত্তেজনা বৃদ্ধির হুমকির বিরোধিতা করা মার্কিন কংগ্রেস সদস্যদের তালিকা ক্রমশই দীর্ঘ হচ্ছে। আরেকজন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা বলেছেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং অন্যান্য অসামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে প্রেসিডেন্টের হুমকি মার্কিন সামরিক বাহিনী এবং পুরো দেশের জন্য "একটি কলঙ্ক" হয়ে থাকবে।
অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলি বলেন, "বিদ্যুৎকেন্দ্র এবং অন্যান্য অসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেওয়া কোনো শক্তির পরিচয় নয়।"
নাসার প্রাক্তন মহাকাশচারী এবং নৌবাহিনীর পদকপ্রাপ্ত পাইলট কেলি আরও বলেন, "যদি এই কথাগুলো কোনো বৈধ সামরিক উদ্দেশ্য ছাড়াই বেসামরিক স্থাপনা ধ্বংসের নির্দেশে পরিণত হয়, তবে তা কীভাবে সশস্ত্র সংঘাতের আইন লঙ্ঘন করবে না—তা বোঝা কঠিন।"
তিনি স্পষ্ট করে বলেন, "আমেরিকা শক্তি, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে বিশ্বকে নেতৃত্ব দেয়। বেসামরিক নাগরিকদের ভোগান্তিতে ফেলার যেকোনো বেআইনি নির্দেশ আমাদের সামরিক বাহিনী এবং আমাদের দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।"
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি