হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপদ যাত্রার প্রতিশ্রুতি দিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ‘ট্রানজিট ফি’ দাবি করছে একদল প্রতারক। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা মারিস্কস এ বিষয়ে শিপিং কোম্পানিগুলোকে সতর্কবার্তা দিয়েছে।
সংস্থাটি জানায়, অজ্ঞাত কিছু ব্যক্তি ইরানি কর্তৃপক্ষ সেজে কয়েকটি শিপিং কোম্পানিকে বার্তা পাঠিয়েছে। বার্তায় দাবি করা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ ক্রিপ্টোকারেন্সি দিতে হবে। মারিস্কস স্পষ্ট করে জানিয়েছে যে, এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা এবং এগুলো ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো হয়নি।
মারিস্কস আরও ধারণা করছে, গত শনিবার প্রণালীটি থেকে বের হওয়ার চেষ্টাকালে গুলিতে ক্ষতিগ্রস্ত হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার শিকার হয়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরান পুনরায় অবরোধ আরোপ করায় বর্তমানে পারস্য উপসাগরে শত শত জাহাজ এবং প্রায় ২০,০০০ নাবিক আটকা পড়েছেন। হরমুজ প্রণালী অতিক্রম করতে না পারায় এই সংকটাপন্ন পরিস্থিতির সুযোগ নিচ্ছে প্রতারক চক্রটি।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন