ইরানের সাম্প্রতিক সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ফলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করতে এবং সেগুলোর আঘাতের সময় নির্ধারণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে ইসরায়েল।
বৃহস্পতিবার (১২ মার্চ) ইসরায়েলের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সুনির্দিষ্ট হামলায় ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ শনাক্তকরণ কেন্দ্র (Detection Centers) ধ্বংস হয়ে গেছে। এর ফলে ইসরায়েলি সামরিক বাহিনীর সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ইসরায়েলজুড়ে নিয়মিত বিরতিতে অকারণে সাইরেন বেজে উঠছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করছে।
ইসরায়েলি একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, "আজ ইরান থেকে উৎক্ষেপিত বেশ কিছু ক্ষেপণাস্ত্র কোনো আগাম সতর্কতা বা প্রস্তুতি ছাড়াই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে পারেনি। আবার অনেক সময় দেখা যাচ্ছে, কোনো ক্ষেপণাস্ত্র না আসা সত্ত্বেও সাইরেন বাজছে।"
বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এক গভীর সংকটে পড়েছে। একদিকে সাইরেন না বাজলেও ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভয় কাজ করছে, অন্যদিকে সতর্কতা সংকেত দেখা দিলেও তারা নিশ্চিত হতে পারছে না যে সত্যিই কোনো হামলা হয়েছে কি না। এই পরিস্থিতি ইসরায়েলের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় নজিরবিহীন বিভ্রান্তি তৈরি করেছে।
ওই সূত্রটি আরও জানিয়েছে, গত ১২ দিন ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর একমাত্র 'উন্নতি' হয়েছে তাদের গণমাধ্যম সেন্সরশিপ বা সংবাদ নিয়ন্ত্রণের দক্ষতায়। তথ্য গোপনের চেষ্টা করা হলেও মাঠপর্যায়ে সাধারণ ইসরায়েলিদের জন্য পরিস্থিতি দিন দিন আরও দুর্বিষহ হয়ে উঠছে।
সূত্র: তাসনিম
ডিবিসি/এসএফএল