বাংলাদেশ

ইরানি ড্রোন হামলায় আরব আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ কুমিল্লায় দাফন

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই এপ্রিল ২০২৬ ০৯:৩১:০৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবারের মুখে হাসি ফোটাতে এক যুগ আগে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শাহ আলম ভূঁইয়া। দীর্ঘ প্রবাস জীবনে আর্থিক সচ্ছলতা ফিরলেও শেষ পর্যন্ত জীবিত অবস্থায় আর প্রিয় জন্মভূমিতে ফেরা হলো না তার।

ড্রোনের ধ্বংসাবশেষে প্রাণ হারিয়ে নিথর দেহে নিজ গ্রামে ফিরলেন এই প্রবাসী। আজ (৯ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত শাহ আলম ভূঁইয়া (৪৫) ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত হানিফ ভূঁইয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে একটি ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ শাহ আলমের কর্মস্থলে এসে পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ২০১৩ সালে প্রথমবার দুবাই যাওয়া শাহ আলম সর্বশেষ ২০২৫ সালে তিন মাসের ছুটি কাটিয়ে পুনরায় কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শাহ আলমের মরদেহ বহনকারী বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। আইনি প্রক্রিয়া শেষে সকাল ১০টার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিকেল সাড়ে ৩টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি জিরুইন গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস।

 

বাদ আসর জিরুইন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধিসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মুসল্লি অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও গ্রামবাসী এরশাদ হোসেন পেয়ার জানান, শাহ আলম অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং তার এমন মৃত্যু পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে। শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন