ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ গুরুত্বপূর্ণ শীর্ষ নেতাদের তথ্য চেয়ে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এসব নেতাদের বিষয়ে তথ্য দিলে ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ প্রোগ্রাম থেকে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়েছে। মূলত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের প্র্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি এসব সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি এবং অন্যান্য শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হন। এরপরই এ পুরস্কারের দেওয়া হয়। নতুন এ নোটিশে মোজতবা খামেনির পাশাপাশি আরও কয়েকজন প্রভাবশালী নেতার তথ্য বিশেষভাবে চাওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তার ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি এবং সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি।
এছাড়া উপদেষ্টা আলী লারিজানি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং গোয়েন্দা ও নিরাপত্তামন্ত্রী ইসমাইল খতিবের বিষয়েও তথ্য জানতে চেয়েছে মার্কিন সরকার।
তালিকাভুক্ত এসব নেতার বাইরে নাম ও ছবি প্রকাশ না করে আরও চার আইআরজিসি কর্মকর্তার তথ্য খোঁজা হচ্ছে। তারা হলেন প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, সর্বোচ্চ নেতার উপদেষ্টা, সর্বোচ্চ নেতার কার্যালয়ের সামরিক অফিস প্রধান এবং একজন আইআরজিসি কমান্ডার।
মার্কিন নোটিশে বলা হয়েছে, এ ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন শাখাকে সরাসরি নির্দেশ ও পরিচালনা করেন। আর এ শাখাগুলো বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে থাকে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আইআরজিসি ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ভূমিকা রেখে আসছে। বর্তমানে গোষ্ঠীটি ইরানের অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে এবং দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবল প্রভাব বিস্তার করে আছে।
তথ্যসূত্র: সিএনএন
ডিবিসি/এএমটি