আন্তর্জাতিক

ইরানি নৌকা ডুবিয়ে দেওয়ার মার্কিন দাবি ডাহা মিথ্যা: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি উন্মুক্ত করার অভিযানের অংশ হিসেবে বেশ কিছু ইরানি নৌকা ডুবিয়ে দেওয়ার যে দাবি মার্কিন সামরিক বাহিনী করেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি নিউজের এক প্রতিবেদনে সোমবার (৪ মে) এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ওই অজ্ঞাতনামা কমান্ডারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ওই দিন সকালেই আঞ্চলিক জলসীমায় ইরানি ও মার্কিন নৌবাহিনীর মধ্যে কথিত সংঘাত নিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড যে মন্তব্য করেছে, তার কোনো ভিত্তি নেই।


ওই ইরানি কমান্ডার বলেন, বেশ কিছু ইরানি যুদ্ধযান ডুবিয়ে দেওয়ার মার্কিন দাবিটি একটি ডাহা মিথ্যা।


এর আগে সোমবার সকালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছিলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের ছয়টি ছোট নৌকা ধ্বংস করেছে। এছাড়া মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনও প্রতিহত করার দাবি করেন তিনি। কুপার স্বীকার করেন যে, হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ ভাঙার মার্কিন প্রচেষ্টাকে রুখে দিতে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস সক্রিয় পদক্ষেপ নিয়েছিল।


এই উত্তেজনার সূত্রপাত ঘটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীকে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ভেঙে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সুগম করার নির্দেশ দেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উত্তেজনার জেরে ওই অঞ্চলে প্রায় দুই মাস ধরে অসংখ্য বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে আছে।


ইরানের আইআরজিসি পাল্টা সতর্কবার্তায় জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় না করে কোনো মার্কিন সামরিক বা বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে তার তাত্ক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।


ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উত্তেজনার পর থেকে ইরান এই কৌশলগত জলপথটি নিয়ন্ত্রণ করছে। শুধুমাত্র অ-শত্রু ভাবাপন্ন এবং ইরানি সামরিক প্রোটোকল মেনে চলা জাহাজগুলোকেই যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।


এই অচলাবস্থার কারণে বর্তমানে প্রণালির দুপাশে প্রায় ৩,০০০ জাহাজ এবং ২০,০০০ নাবিক আটকা পড়ে আছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।


এদিকে, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরান হামলা চালিয়েছে বলে যে খবর ছড়িয়েছে, আইআরআইবি-র ওই প্রতিবেদনে তাও নাকচ করা হয়েছে। ইরানি কর্মকর্তা বলেন, তেহরানের এমন কোনো পরিকল্পনা ছিল না।


এর আগে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ দাবি করেছিল, তারা তাদের দেশে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে একটি তেল শোধনাগারে ড্রোন বিস্ফোরণ ঠেকাতে তারা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন