দুবাইয়ে ইরান থেকে ধেয়ে আসা মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশিসহ চারজন প্রবাসী আহত হয়েছেন। আহত অন্য তিনজনের মধ্যে দুজন ভারতীয় এবং একজন শ্রীলঙ্কার নাগরিক।
মঙ্গলবার (৩১ মার্চ) দক্ষিণ দুবাইয়ের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথের হুমকি নস্যাৎ করার সময় মিসাইলের টুকরো নিচে আবাসিক এলাকায় পড়লে এ হতাহতের ঘটনা ঘটে এবং এর পাশাপাশি ওই এলাকার বেশ কিছু সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, মঙ্গলবার দিনভর দুবাইয়ের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে সাধারণ বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দুবাই মিডিয়া অফিস এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে পরিস্থিতি স্পষ্ট করে। তারা জানায়, এ বিকট শব্দগুলো মূলত চলমান সামরিক অভিযানের অংশ ছিল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে আসা এসব আকাশপথের হামলা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে।
একইসঙ্গে দুবাই মিডিয়া অফিস তাদের পরিসংখ্যানে নিশ্চিত করেছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হামলায় মোট ১৭৮ জন আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১১ জন।
তথ্যসূত্র: খালিজ টাইমস
ডিবিসি/এএমটি