কুয়েত সীমান্তে দায়িত্ব পালনকালে ইরানের ড্রোন ও মিসাইল হামলায় দেশটির দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (৮ মার্চ) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, আজ ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় ওই দুই কর্মকর্তা নিহত হন। তবে হামলার সুনির্দিষ্ট স্থান এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহত কর্মকর্তারা হলেন- ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ ইমাদ আল-শাররাহ এবং মেজর ফাহদ আবদুল আজিজ আল-মাজমায়েদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, দেশের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে তাদের এই আত্মত্যাগ গভীর শোক ও শ্রদ্ধার সাথে স্মরণ করছে মন্ত্রণালয়।
সম্প্রতি কুয়েতের মার্কিন ঘাঁটির ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। হামলার পর কুয়েত সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল