মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে টানা ৪০ দিন ধরে আটকে থাকার পর অবশেষে দেশের উদ্দেশে রওনা দিয়েও হরমুজ প্রণালি পার হতে পারল না বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা। বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি।
প্রায় ৪০ ঘণ্টা একটানা সাগর পাড়ি দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকালে হরমুজের কাছাকাছি পৌঁছানোর পর ইরান সরকারের কাছে প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সে আবেদন প্রত্যাখ্যান করায় জাহাজটিকে ঘুরিয়ে আবারও নিরাপদে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বর্তমানে জাহাজটি হরমুজের কাছাকাছি অবস্থান করলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত এটিকে শারজার বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাজে থাকা ৩১ জন নাবিক নিরাপদে আছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে সক্ষম হলেও এর জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। তাই পরিস্থিতি সামাল দিতে রেশনিংয়ের মাধ্যমে পানির দৈনিক ব্যবহার ৬ টনে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি এমন যুদ্ধাবস্থায় নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে তাদের দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং মূল বেতনের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স বা যুদ্ধকালীন ভাতা প্রদান করা হচ্ছে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী জাহাজটির ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে আপাতত শারজাতেই ফিরে যেতে বাধ্য হচ্ছে 'বাংলার জয়যাত্রা'।
ডিবিসি/এএমটি