আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের মজুতকৃত ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (১৩ এপ্রিল) মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেই প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাবটি দিয়েছেন এবং এর আগেও রাশিয়ার পক্ষ থেকে একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

 

ব্রিফিংয়ে পেসকভ আরও জানান, রোববার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। এই কথোপকথনে পেজেশকিয়ান ইসলামাবাদে অনুষ্ঠিত মার্কিন ও ইরানি প্রতিনিধিদের বৈঠকের বিস্তারিত বিষয়াবলি পুতিনকে অবহিত করেন। এ সময় পুতিন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় যেকোনো রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে রাশিয়ার সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

প্রসঙ্গত, জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ বিশুদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে। এই বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে উন্নীত করা হলে তা দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। ইরান বরাবরই পরমাণু বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসলেও, তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। এই দীর্ঘস্থায়ী বিরোধের জের ধরেই গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে।

 

চলমান এই সংঘাত নিরসনের লক্ষ্যে মার্চ মাসের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। ওই প্রস্তাবনার একটি অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে যে, ইরানকে তাদের মজুতকৃত এই ইউরেনিয়াম সম্পূর্ণ ধ্বংস অথবা অপসারণ করতে হবে। পুতিনের বর্তমান প্রস্তাবটি মূলত এই অপসারণ প্রক্রিয়ারই একটি বিকল্প হিসেবে সামনে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
 

সূত্র: এএফপি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন