ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুক হামলায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতি অনুযায়ী, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এই হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশপথে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি। নিহত দুই ব্যক্তি স্থানীয় আইআরজিসির সদস্য হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর পেছনে দায়ীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বাহিনীটি। তবে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
ডিবিসি/এফএইচআর