ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস যে প্রতিবেদন প্রকাশ করেছিল, তা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে আমিরাত। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা আক্রমণাত্মক অবস্থানে গিয়ে ইরানে কোনো ধরনের হামলা চালাবে না; বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল নিজেদের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করবে।
এ বিষয়ে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে তারা নিজেদের প্রতিরক্ষা নীতিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি। বিবৃতিতে সুস্পষ্টভাবে বলা হয়, চলমান এই উত্তেজনায় আমিরাত কোনো পক্ষ নয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, উত্তেজনা প্রশমন করা এবং জাতিসংঘ সনদের প্রতি অবিচল অঙ্গীকারের জায়গা থেকে আমিরাত তাদের ভূখণ্ড, আকাশপথ বা জলসীমা ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় ব্যবহারের অনুমতি দেয়নি।
তবে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের বিধি মোতাবেক নিজেদের আত্মরক্ষার বৈধ অধিকার তাদের রয়েছে বলে বিবৃতিতে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাংবাদিকতার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সংযুক্ত আরব আমিরাত বলেছে, যেকোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে সংবাদমাধ্যমগুলোকে অবশ্যই দাপ্তরিক এবং নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে হবে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এফএইচআর