সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানিরা কখনোই চাপের কাছে মাথা নত করে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কি নিছকই কোনো স্থূল চাপের কৌশল, নাকি কোনো চক্রান্তকারী আবারও মার্কিন প্রেসিডেন্টকে নতুন কোনো চোরাবালিতে ফেলার চেষ্টা করছে এমন প্রশ্নও তোলেন তিনি।
আরাগচি আরও বলেন, যখনই টেবিলে কোনো কূটনৈতিক সমাধানের প্রস্তাব আসে, যুক্তরাষ্ট্র তখনই বেপরোয়া সামরিক দুঃসাহসিকতার পথ বেছে নেয়। এক্সে দেওয়া ওই পোস্টে আরাগচি জোর দিয়ে বলেন, ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র মজুত এবং উৎক্ষেপণ ক্ষমতা যুদ্ধপূর্ব অবস্থার তুলনায় ১২০ শতাংশে পৌঁছেছে। এর সপক্ষে তিনি একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনের স্ক্রিনশটও যুক্ত করেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছিল, সিআইএ এর তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার পরও ইরান আগের ধারণার চেয়ে অনেক বেশি অস্ত্র নিজেদের কাছে অক্ষত রাখতে সক্ষম হয়েছে।
যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় তেহরানের উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন; আর ঠিক এমন সময়েই নতুন করে এই উত্তেজনার সৃষ্টি হলো। এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই তিনি ইরানের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাবেন বলে আশা করছেন।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি