কাস্পিয়ান সাগরে নিজেদের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরের দিকে চালানো ওই হামলায় জাহাজটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
ইউক্রেনের এই হামলাকে জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান। তারা সতর্ক করে বলেছে, কিয়েভের এমন কর্মকাণ্ড চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও উসকে দিতে পারে এবং সংঘাতের পরিধি বাড়াতে পারে।
ইরানের দাবি, ইউক্রেনের নেতৃত্ব এই হামলার কথা স্বীকার করেছে। এটিকে ইউক্রেনের 'অযৌক্তিক ও বৈরী' আচরণের প্রমাণ হিসেবে দেখছে ইরান। তারা জোর দিয়ে বলেছে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে তেহরান কখনোই হস্তক্ষেপ করেনি।
আন্তর্জাতিক আইন ও আত্মরক্ষার নীতি অনুযায়ী নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এই ঘটনার জন্য ইউক্রেনকে জবাবদিহি করতে তারা জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
এদিকে, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে (টুইটার) দেওয়া এক বার্তায় জানান, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় তারা 'খুব ভালো ফলাফল' পেয়েছেন। তিনি জানান, ইরানের সামরিক পণ্যবাহী জাহাজ ও যুদ্ধজাহাজে এই হামলা হয়েছে, তবে নির্দিষ্ট কোনো বাণিজ্যিক জাহাজের নাম তিনি উল্লেখ করেননি।
ডিবিসি/এসডব্লিউএন