ইরানের দেওয়া নতুন সংশোধিত প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে তেহরানের ওপর মার্কিন সেনারা আবারও হামলা শুরু করতে পারে বলে আজ সোমবার (১৮ মে) হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের নতুন এই প্রস্তাবকে চুক্তির জন্য ‘অপর্যাপ্ত’ বলে উল্লেখ করেন।
তিনি সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তগুলো প্রত্যাখ্যান করে ইরান মূলত নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করেছে; কারণ তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে অর্থপূর্ণ কোনো ছাড় দিতে রাজি হয়নি।
পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ‘সিচুয়েশন রুমে’ তাঁর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন, যেখানে পরবর্তী সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। মার্কিন ওই কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাদের বর্তমান অবস্থানের পরিবর্তন না করে, তবে যুক্তরাষ্ট্রকে ‘বোমা হামলার মাধ্যমেই’ আলোচনা এগিয়ে নিতে হবে। এর আগে গত রবিবারই ট্রাম্প এক্সিওসকে বলেছিলেন যে ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে এবং তেহরান যদি ছাড় দেওয়ার মানসিকতা না দেখায়, তবে ওয়াশিংটনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, গত রবিবার (১৭ মে) রাতে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের নতুন প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়। এই প্রস্তাবে তারা পারমাণবিক অস্ত্র না তৈরির ব্যাপারে বাড়তি প্রতিশ্রুতি দিলেও, তাদের কাছে থাকা সমৃদ্ধকৃত ইউরেনিয়াম শেষ পর্যন্ত কী করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেনি।
ডিবিসি/এফএইচআর