লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি অবিচল আনুগত্য প্রকাশ করেছেন। হিজবুল্লাহ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি তেহরানের নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তাকে অভিনন্দন জানান।
বিবৃতিতে নাঈম কাসেম উল্লেখ করেন, ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) কর্তৃক প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করার সিদ্ধান্তকে তারা আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছেন।
নতুন সর্বোচ্চ নেতাকে উদ্দেশ্য করে কাসেম বলেন, সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাঁকে অভিনন্দন এবং একইসঙ্গে তার নেতৃত্বের প্রতি অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবের প্রদর্শিত পথে হিজবুল্লাহ যে ভবিষ্যতেও অটল থাকবে, সে কথাও তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।
নিজের ব্যক্তিগত অবস্থানের পাশাপাশি হিজবুল্লাহর শুরা কাউন্সিল, শীর্ষ নেতৃত্ব এবং লেবাননের ইসলামি প্রতিরোধের মুজাহিদদের পক্ষ থেকে মোজতবা খামেনির প্রতি আনুষ্ঠানিকভাবে আনুগত্যের শপথ নবায়ন করেন সশস্ত্র এই গোষ্ঠীটির মহাসচিব।
তথ্যষূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি