মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের সামরিক কর্তৃপক্ষের দেওয়া নির্দেশিত নৌ-পথ (লেন) অমান্য করে বিকল্প পথে চলায় জলপথে থাকা একটি নৌ-মাইনের (নৌ-খনি) সাথে ধাক্কা লেগে এ বিস্ফোরণ ঘটে। রবিবার (২৬ জুলাই) ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের মেহর নিউজ এজেন্সি ও স্থানীয় 'দেফাপ্রেস'-এর সংগৃহীত তথ্যে জানা যায়, ট্যাঙ্কারটি তেহরানের সাথে কোনো ধরনের সমন্বয় ছাড়াই জলসীমায় প্রবেশ করেছিল। ইরানের সশস্ত্র বাহিনীর নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয়ে ভিন্ন পথে যাওয়ার পরপরই এটি সংস্থাপিত মাইনের মুখোমুখি সংঘর্ষে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত ট্যাঙ্কারটির নাম-পরিচয়, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং দেশটির কর্তৃপক্ষ এর আগে বারবার সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সাথে পূর্ণ সমন্বয় রাখতে হবে এবং তেহরানের নির্ধারিত লেন ব্যবহার করতে হবে। একই সাথে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ঘোষিত নৌপথ থেকে কোনো জাহাজ বিচ্যুত হলে তার যেকোনো পরিণতির দায়ভার সংশ্লিষ্ট নৌযানকেই বহন করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে হওয়া সমঝোতা চুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পর থেকে প্রণালীতে নৌ-চলাচলের নিয়ম নিয়ে দ্বন্দ আরও তীব্র হয়। ওয়াশিংটন এই প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের অবাধ ও মুক্ত যাতায়াতের দাবি জানালেও, তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের উপকূলীয় নির্দিষ্ট চ্যানেল ব্যবহার ছাড়া কোনো জাহাজকে পার হতে দেওয়া হবে না।
সূএ: আনাদোলু এজেন্সি