আন্তর্জাতিক

ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। গ্রেপ্তার হওয়া বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক। সোমবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি ও স্থানীয় গণমাধ্যমগুলো তাদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্ত চালিয়ে এই ছয় এশীয় নাগরিককে শনাক্ত ও গ্রেপ্তার করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ফেইসবুকসহ অন্যান্য মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও ও পোস্টের মাধ্যমে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করে সমর্থন জানিয়েছেন। 

 

একইসঙ্গে তারা বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য ধারণ করে তা প্রচারও করছিলেন। এসব কর্মকাণ্ডকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ইরান যুদ্ধ প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করেছে বাহরাইন কর্তৃপক্ষ। বিশেষ করে যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো ভিডিও, ছবি বা তথ্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রকাশ বা শেয়ার না করার জন্য দেশটির নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন