ইরানের বন্দরগুলোতে আরোপিত মার্কিন অবরোধ অমান্য করার চেষ্টাকালে একটি কার্গো জাহাজের 'স্টিয়ারিং গিয়ার' নিষ্ক্রিয় করতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার থেকে মিসাইল ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ওমান উপসাগর অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী 'এম/ভি ভেলা নোভা' নামের জাহাজটির ইঞ্জিন রুমে মঙ্গলবার তাদের একটি এমএইচ-৬০ (MH-60) এয়ারক্রাফট থেকে দুটি হেলফায়ার মিসাইল নিক্ষেপ করা হয়। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কতা বেসামরিক ক্রুরা উপেক্ষা করার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জাহাজটি এখন আর ইরানের দিকে অগ্রসর হচ্ছে না।
এ বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ অবসানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে ইরানের বন্দরগুলোতে এই অবরোধ কার্যকর করছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যস্থতাকারীরা এখন পর্যন্ত প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন এবং গত জুনে সর্বশেষ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থেমে থেমে সংঘাতের ঘটনা ঘটছে।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া সেন্টকমের বিবৃতিতে জাহাজটির গন্তব্যস্থল হিসেবে ইরানের নির্দিষ্ট কোনো বন্দরের নাম উল্লেখ করা হয়নি এবং এই ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি। সংস্থাটি জানিয়েছে, তাদের এই অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। গত ১১ আগস্ট পর্যন্ত অবরোধ ভাঙার চেষ্টাকারী ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন, নির্দেশ অমান্যকারী ৩টি জাহাজ নিষ্ক্রিয় এবং ২টিতে তল্লাশি চালানো হয়েছে বলে সেন্টকম নিশ্চিত করেছে। এদিকে মঙ্গলবার অপর এক ঘটনায় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, লোহিত সাগরে একটি কার্গো জাহাজে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। হুথিদের দাবি, তারা সৌদি আরবের সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজে আঘাত হেনেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কোনো জাহাজের ওপর গোষ্ঠীটির এটাই প্রথম প্রাণঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/পিআরএএন