মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া হামলার জেরে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশাহরের একটি বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের স্থাপনায় চালানো এই মার্কিন হামলায় এক দমকলকর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় এক কর্মকর্তা। একই সাথে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানে নতুন করে আরও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
ইরানশাহর কাউন্টির গভর্নর সেলিম কাদখোদা গণমাধ্যমকে জানান, শহরের বিমানবন্দর স্থাপনাগুলোতে আকস্মিক হামলার পর দায়িত্ব পালনরত ওই দমকলকর্মী প্রাণ হারান। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং মেহর নিউজ এজেন্সি সিস্তান ও বেলুচেস্তান প্রদেশে অবস্থিত ইরানশাহর বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর সম্প্রচার করেছিল।
বুধবার গভীর রাতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইরানের বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়েছে বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশের পরপরই বৃহস্পতিবার ভোরের এই হামলার ঘটনা ঘটে।
এদিকে এই হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করার ক্ষেত্রে ইরানের যে সক্ষমতা রয়েছে, তা আরও হ্রাস করার সুস্পষ্ট লক্ষ্য নিয়েই মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে এই অতিরিক্ত হামলাগুলো পরিচালনা করেছে।
সূত্র: আনাদোলু
ডিবিসি/পিআরএএ