যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক উত্তজনা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেদের ফুটবল দলকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছে ইরান। বুধবার (১৩ মে) রাতে তেহরানের ইনকিলাব চত্বরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়।
এই সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলারদের পাশাপাশি হাজার হাজার সমর্থক যোগ দেন। সেখানে খেলোয়াড়দের দেশাত্মবোধক বক্তব্যের পাশাপাশি আসন্ন বিশ্বকাপের জন্য ইরানের নতুন জার্সিও উন্মোচন করা হয়। ইরানি ফুটবল ফেডারেশনের (FFIRI) প্রেসিডেন্ট মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, "গত চারটি বিশ্বকাপ ক্যাম্পেইনের মধ্যে এটিই ছিল সেরা বিদায়ী আয়োজন। জনগণ ফুটবলারদের পাশে আছে এবং যেকোনো ফলাফল ছাপিয়ে আমাদের মূল লক্ষ্য থাকবে বিদেশের মাটিতে দেশের সম্মান রক্ষা করা।"
গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে ঘটে যাওয়া সামরিক সংঘাতের পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে। বিশেষ করে যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে ইরানি দলের প্রবেশাধিকার নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। ইরানি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজকে দুই সপ্তাহ আগে কানাডায় অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আইআরজিসি-র সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা আছে এমন কাউকে মার্কিন মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না। যেহেতু যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে, তাই ইরানি প্রতিনিধি দলের অনেকেরই ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
ভিসা জটিলতা নিরসনে ফিফাকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। বুধবারের সমাবেশে ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হেদায়েত মোম্বেইনি বলেন, "আমরা এখনো কোনো ভিসা পাইনি। তবে ফিফা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা আশা করছি সময়মতোই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখা উচিত এবং ফিফার দায়িত্ব হলো প্রতিটি দলের অংশগ্রহণ নিশ্চিত করা।"
বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য ইরানি জাতীয় দল আগামী সপ্তাহে তুরস্কে ক্যাম্প করতে যাবে। সেখানে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এছাড়া তুরস্ক ক্যাম্পে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইরানি ফুটবল ফেডারেশন। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরে ইরান শেষ পর্যন্ত মাঠে নামতে পারবে কি না, তা এখন নির্ভর করছে ফিফা ও আয়োজক দেশগুলোর সিদ্ধান্তের ওপর।
সূত্র: জেরুজালেম পোস্ট
ডিবিসি/পিআরএএন