আন্তর্জাতিক

ইরানের ভয়ে বৈরুতের আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাম্প্রতিক হুমকির মুখে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত (এইউবি) তাদের সশরীরে পাঠদান কার্যক্রম স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার (২৯ মার্চ) এক ঘোষণায় জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী সোম ও মঙ্গলবার শিক্ষা কার্যক্রম পুরোপুরি অনলাইনে পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফাদলো খৌরি এক বিবৃতিতে বলেন, যদিও তাদের ক্যাম্পাস বা চিকিৎসা কেন্দ্রের ওপর সরাসরি কোনো হামলার সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবুও আঞ্চলিক পরিস্থিতির কথা বিবেচনা করে শুধুমাত্র জরুরি কর্মীদের উপস্থিতিতে ক্যাম্পাস চালু রাখা হবে।

 

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেয়। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সোমবার (৩০ মার্চ) তেহরান সময় দুপুর ১২টার মধ্যে যুক্তরাষ্ট্র যদি আনুষ্ঠানিকভাবে ওই হামলার নিন্দা না জানায়, তবে মধ্যপ্রাচ্যের মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাল্টা হামলার মুখে পড়বে। তারা শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মীদের ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের নামকরা সব বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে, যার মধ্যে কাতার ও সংযুক্ত আরব আমিরাত অন্যতম। তবে বৈরুতের এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি ওই অঞ্চলের অন্যতম প্রধান মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যার অবস্থান শহরের কেন্দ্রস্থলে। ইরানের এই চরম আল্টিমেটাম পুরো অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 

সূত্র: আল আরাবিয়া

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন